খুলনা রেল স্টেশনে সোনার বারসহ আটক মাসুদ মোল্লা - লোকসমাজ

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা রেলস্টেশন থেকে প্রায় কোটি টাকার সোনাসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সোনার বার উদ্ধার করা হয়।আটক যুবকের নাম মাসুদ মোল্লা। তিনি নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্টেশন এলাকায় মাসুদ মোল্লার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে তিনটি সোনার বার উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনার বারগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। তবে খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেতু সালাম খান জানিয়েছেন, স্বর্ণগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকার মতো হতে পারে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এ অনুসন্ধান চালানো হচ্ছে। ওই মামলাটি স্বর্ণ চোরাচালান বা অন্য কোনো অপরাধসংক্রান্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ মোল্লা পুলিশকে জানিয়েছেন, তিনি ঢাকা থেকে খুলনায় এসেছেন এবং পরে ট্রেনে নড়াইল যাওয়ার পরিকল্পনা ছিল। তবে তার কাছে থাকা স্বর্ণের উৎস ও বহনের কারণ সম্পর্কে পুলিশের সন্দেহ রয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে স্বর্ণের উৎস, সম্ভাব্য চোরাচালান চক্রের সম্পৃক্ততা এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা উদ্ঘাটনের চেষ্টা করা হবে।

এদিকে, আটক ও তল্লাশি অভিযানের পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্র সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেতু সালাম খান বলেন, “তিনটি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখ টাকা। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”