গোপালগঞ্জে রিকশা চুরির অভিযোগে চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক :
গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে আল আমিন শেখ (৩০) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের একটি বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের গ্যারেজের একটি ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আল আমিন। দুইদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিনকে সন্দেহ করা হয়। পরে বুধবার তাকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, আল আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হয়। তিনি এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ডাকাডাকির একপর্যায়ে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করে বাথরুমে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার পর থেকেই বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।