খুলনায় কারাগারের প্রাচীর টপকে পালাল বন্দী

ইমন মাঝি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান

0
খুলনায় কারাগারের প্রাচীর টপকে পালাল বন্দী
খুলনা জেলা পুরাতন কারাগার - লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ কঠোর নিরাপত্তাবেষ্টিত খুলনা পুরাতন জেলা কারাগার থেকে প্রাচীর টপকে পালিয়ে গেছে এক বন্দী। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এ ঘটনায় কারা প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পলাতক বন্দীর নাম ইমন মাঝি (মো. ইমন মাঝি)। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান শুরু করেছে।
কারা সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ইমন মাঝি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। বিষয়টি নজরে আসার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে ও আশপাশ এলাকায় তল্লাশি চালায়। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পলাতক বন্দী ইমন মাঝির পিতা আবদুল মাঝি। তিনি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় জিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সূত্র আরও জানায়, ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলা নম্বর ০৯(০১)২৫-এর আসামি। ২০২৫ সালের ২১ আগস্ট দণ্ডবিধির ৩৮১/৩৪ ধারায় দায়ের হওয়া একটি চুরির মামলায় তিনি কারাগারে ছিলেন। গত ১৩ জুন ২০২৬ থেকে তিনি খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পলাতক বন্দীকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, কীভাবে একজন বন্দী কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কারা প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।