মাদক মামলার দ্রুত বিচারে দেশজুড়ে ২২ ট্রাইব্যুনাল গঠন, যশোরেও একটি

0
মাদক মামলার দ্রুত বিচারে দেশজুড়ে ২২ ট্রাইব্যুনাল

 লোকসমাজ ডেস্ক: মাদকসংক্রান্ত অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও যশোরসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একইসঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের জন্য পৃথক স্থানীয় এখতিয়ার ও বিচারিক সীমানাও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলার জন্য একটি এবং ঢাকা মহানগরের আওতাধীন থানাগুলোর জন্য চারটি পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রাম জেলায় একটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

মাদকপ্রবণ সীমান্ত জেলা কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কক্সবাজার-১ ট্রাইব্যুনালের অধীনে টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী; কক্সবাজার-২-এর অধীনে উখিয়া, সদর ও ঈদগাঁও; এবং কক্সবাজার-৩-এর অধীনে রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী থানা থাকবে।

এ ছাড়া কুমিল্লায় দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গেজেট প্রকাশের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালগুলোতে স্থানান্তর করতে হবে।

যে পর্যায়ে কোনো মামলা স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকেই বিচারকার্য চলবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।