কালীগঞ্জে প্রতারণার শিকার ১১ বছরের সিয়াম, ইজিবাইক হারিয়ে বুকফাটা কান্না

প্যারালাইসড বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে বাবার ইজিবাইকটি নিয়ে শনিবার সকালে বের হয় সে

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা, লোকসমাজ : শনিবার জ্যৈষ্ঠের প্রখর দুপুর। খরতাপে যখন কালীগঞ্জ শহরের জনতা মোড় এলাকায় মানুষ ব্যস্ত ছন্দে চলাচল করছিল, ঠিক সেই সময় রাস্তার এক পাশে ভিড় জমতে দেখা যায়। ভিড়ের ভেতর থেকে ভেসে আসছিল এক শিশুর বুকফাটা কান্না। গগণবিদারী সেই আর্তনাদ মুহূর্তেই থমকে দেয় পথচারীদের।

কাছে গিয়ে জানা যায়, প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত ইজিবাইক হারিয়ে অসহায় হয়ে পড়েছে ১১ বছর বয়সী শিশু সিয়াম আহমেদ। সে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকান্দা এলাকার জাকির হোসেন ও নাসরিন খাতুন দম্পতির বড় ছেলে।

কান্নাজড়িত কণ্ঠে সিয়াম জানায়, প্যারালাইসড বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে বাবার ইজিবাইকটি নিয়ে শনিবার সকালে বের হয় সে। ঝিনাইদহ শহর থেকে দুইজন যাত্রী নিয়ে লাউদিয়া এলাকায় যায়। সেখানে পৌঁছে ওই ব্যক্তিরা তাকে বলে, তারা নলডাঙ্গা পার হয়ে লিচু কিনতে যাবে। পরে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এসে একজন নেমে যায়।

সিয়ামের ভাষ্য, সে পানি খেতে গেলে অপর ব্যক্তি ইজিবাইকটি রাস্তা থেকে একটু সরিয়ে রাখার কথা বলে। কিন্তু মুহূর্তের মধ্যেই ইজিবাইকটি দ্রুত চালিয়ে নিয়ে পালিয়ে যায়।

শিশুটি আরও জানায়, অভিযোগ করতে থানায় গেলে কর্তব্যরত পুলিশ তাকে অভিভাবক নিয়ে আসতে বলে। “তুমি ছোট মানুষ, অভিভাবকের সঙ্গে এসে অভিযোগ লিখিয়ে যাও”— এমন কথাও শুনতে হয় তাকে।

ঋণ করে কেনা ইজিবাইকটিই ছিল পরিবারটির একমাত্র উপার্জনের মাধ্যম। সেটি হারিয়ে যাওয়ায় সংসারের ব্যয় ও বাবার চিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে গেছে পরিবারটি। অসহায় সিয়ামের কান্না দেখে আশপাশের কয়েকজন ব্যবসায়ী মানবিক সহায়তা হিসেবে কিছু অর্থ দেন।

যে বয়সে সিয়ামের স্কুলে যাওয়ার কথা, সে বয়সে বাবার চিকিৎসা ও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে তাকে। গত এক মাস ধরে ইজিবাইক চালিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় করেই চলছিল সংসার। কিন্তু প্রতারক চক্র তার সেই একমাত্র অবলম্বনটুকুও কেড়ে নিয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এত অল্প বয়সে ইজিবাইক চালানো ঝুঁকিপূর্ণ। লিখিত অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।