জীবননগরে মায়ের সামনে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা, লোকসমাজ : চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পার হওয়ার সময় মায়ের সামনে রোজা নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজা ওই গ্রামের রাজু আহমেদের একমাত্র কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচার কিনতে রাস্তা পার হয়ে একটি দোকানে যায় রোজা। পরে দোকান থেকে দৌড়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগতির বেকারি মালবোঝাই একটি ইজিবাইকের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।