চুয়াডাঙ্গা সদর উপজেলার মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ- লোকসমাজ

লোকসমাজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করে।

নিহত ব্যক্তি ফারাজ মন্ডল (৫৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার মৃত হাকিম মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীর তীরসংলগ্ন এলাকায় একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের পরিচয় শনাক্তে ঝিনাইদহ থেকে পিবিআইয়ের একজন নিরস্ত্র পরিদর্শকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ দল বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে পুলিশের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেন।

স্থানীয়দের ভাষ্য, ফারাজ মন্ডল কয়েকদিন ধরে মাথাভাঙ্গা ব্রিজের নিচে অবস্থান করছিলেন। তিনি কারও সঙ্গে তেমন কথা বলতেন না।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফারাজ মন্ডল মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।