ঝিকরগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধান রোপণের কাজ করার সময় মাঠে নেমে আসে মর্মান্তিক দুর্ঘটনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলায় বজ্রপাতে আব্দুর রহিম ওরফে রমেশ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ওরফে রমেশ নবগ্রাম গ্রামের মৃত তালুক মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুর রহিম রমেশসহ চারজন কৃষক মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আব্দুর রহিম গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। তবে তার সঙ্গে থাকা অন্য তিন কৃষক অক্ষত রয়েছেন।

নিহতের প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গনি জানান, দুপুরে ধান রোপণের সময় আকস্মিক বজ্রপাতে রমেশ মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে বলে জানা গেছে।