ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবলে শিমুলিয়া ইউনিয়নের জয়

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা ॥ উৎসবমুখর পরিবেশ ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গদখালী ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে শিমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ।

শনিবার বিকেল ৫টায় স্থানীয় বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে উভয় দল একাধিক আক্রমণ চালালেও কোনো দল গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে দুই দলের খেলোয়াড়রা সমানতালে আক্রমণ ও পাল্টা আক্রমণ চালাতে থাকেন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে শিমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় অনিক দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে একমাত্র সেই গোলেই জয় নিশ্চিত করে উল্লাসে মাতে শিমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলা শুরুর আগে দেওয়া ঘোষণানুযায়ী গোলদাতা অনিককে তাৎক্ষণিকভাবে ৩ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা খাইরুল ইসলাম ২ হাজার টাকা এবং আলমগীর হোসেন ১ হাজার টাকা প্রদান করেন।

ম্যাচে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গোলদাতা অনিক। তার হাতে পুরস্কার তুলে দেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া সেরা দর্শক হিসেবে বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান-কে সম্মাননা প্রদান করেন সাবেক ফুটবলার আলিমুল কাদির কিসলু।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন রাজু আহমেদ, মেহেদী হাসান, ইকরামুল সরদার ইকু ও আবু হাসান।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ওলিয়ার রহমান, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সহ-সভাপতি ইয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, সহ-সভাপতি আহম্মেদ রেজা সজিব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাসারসহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক।