জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৫টি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমানের

0
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: পিএমও

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, ঋণের বোঝা কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ লক্ষ্য অর্জনে তিনি বিশ্বনেতাদের সামনে পাঁচটি জরুরি উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের কপ-৩১ সম্মেলন-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের আয়োজক ও নেতৃত্বদানকারী দেশ তুরস্ক ও অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকির সম্মুখসারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।

এই বহুমুখী চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে চলা উচিত। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতি রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর পরিকল্পনা নিয়েছে। বিশেষ কর প্রণোদনার সহায়তায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে।

সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৯০টি লিড-সার্টিফাইড তৈরি পোশাক কারখানা রয়েছে এবং বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ও পাটজাত ব্যাগের প্রসার ঘটানো হচ্ছে। এ ছাড়া কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরি এবং আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে, যা জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধিতে সহায়ক হবে। উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করা হচ্ছে।

বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপ্রতুল উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় বোঝা তৈরি করছে এবং ক্রমবর্ধমান ঋণ পরিশোধ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বাড়তি ঋণ নয়, বরং অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তা প্রয়োজন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ জরুরি প্রস্তাব

ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে পাঁচটি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, সেগুলো হলো:

১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা এবং পাশাপাশি কার্বন নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তা দেওয়া।

২. জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করা।

৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।

বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে বৈশ্বিক নির্গমন কমানো জরুরি।

কপ-৩১ সম্মেলনের সফলতা কামনা করে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এই সম্মেলন বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল বয়ে আনবে।