ঝিনাইদহে ভাড়া বাসায় তরুণীর মরদেহ উদ্ধার, কথিত স্বামী পলাতক

প্রায় এক সপ্তাহ আগে সায়াদাতিয়া সড়কের পাশে একটি টিনশেড বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করেন খুশি খাতুন।

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে সায়াদাতিয়া সড়কের পাশে একটি টিনশেড বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করেন খুশি খাতুন। মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষে তিনি এক যুবককে নিজের স্বামী পরিচয় দিয়ে বাসায় নিয়ে আসেন।

বুধবার সকালে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। পরে বাসার মালিক ও ভাড়াটিয়ারা দরজা খুলে ভেতরে প্রবেশ করলে বিছানার ওপর খুশি খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বাসার মালিক বেবি খাতুন জানান, ঘরের প্রধান দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল, তবে পেছনের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। এতে হত্যার সন্দেহ আরও জোরালো হয়েছে।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, ওই রাতেই ঘর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ তৈরি হয়। পরে ভেতরে ঢুকে তারা মরদেহ দেখতে পান।

হোটেল মালিক রফিক আনোয়ার সাবু জানান, খুশি খাতুন মাত্র ১৫ দিন আগে তার হোটেলে কাজ শুরু করেছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষে তিনি বাসায় ফিরে যান।

নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে।

ঘটনার পর ঝিনাইদহ সদর থানার পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিআইবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। কথিত স্বামী সোহাগ হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে।