ঝিনাইদহে মেসে খাবার নিয়ে বিরোধ: রুমমেটের ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী নিহত

লিখন মেসে থাকা একটি ছুরি দিয়ে কাওসারের ঘাড়ে আঘাত করেন।

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহ শহরে মেসে খাবার ও বাজার করা নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাওসার (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ লিখন খাঁ (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পৌর এলাকার মহিলা কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাওসার হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আটক লিখন খাঁ সদর উপজেলার বাড়িবাথান দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গান্না ইউনিয়নের শৈলমারি গ্রামের লিটু খাঁর ছেলে।

আটক লিখন খা

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাওসার ও লিখনসহ ৬ থেকে ৭ জন শিক্ষার্থী একটি মেসে ভাড়া থাকতেন। তারা সবাই মিলে রান্না করে খাবার খেতেন। বৃহস্পতিবার দুপুরে খাবার কম পড়াকে কেন্দ্র করে কাওসার ও লিখনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় মেসের বাজার ও কেনাকাটা নিয়ে তাদের মধ্যে ফের তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে লিখন মেসে থাকা একটি ছুরি দিয়ে কাওসারের ঘাড়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে কাওসার মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নী জানান, ঘাড়ে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণজনিত অবস্থায় কাওসারকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুপুরে খাবার কম পড়াকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে সন্ধ্যায় বাজার-সদাই নিয়ে নতুন করে বাকবিতণ্ডার একপর্যায়ে লিখন ছুরি দিয়ে কাওসারের ঘাড়ে আঘাত করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত লিখনকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।