প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন

সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। পূর্বের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

গত বছরের ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রভাবশালী দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ওই সময় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং অন্তত পাঁচজন আহত হন। পরে ওই ঘটনায় দুইজন নিহত হন।

এক বছর না পেরোতেই আবারো ফুরসন্দি ইউনিয়নের দোহাকুলা গ্রামে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোহাকুলা গ্রামের যুবলীগ নেতা আবু সাঈদ শিকদার ও বিএনপি নেতা আব্দুল বারিক মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত শুক্রবার বারিক মোল্লার সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আবু সাঈদ শিকদারের সমর্থক রোমেন মণ্ডলের জমিতে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় টিকারী বাজারে আবু সাঈদের সমর্থক জাহিদুল, ওমর আলী, রোমেন মণ্ডলসহ কয়েকজন সঞ্জয়কে মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এর ধারাবাহিকতায় সোমবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোন সময় আবারো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।