যশোরে বাসে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ১

র‌্যাবের অভিযানে মালঞ্চী এলাকা থেকে উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ ডেস্ক॥ যশোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইকরামুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শনিবার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মালঞ্চী এলাকায় অবস্থান নেন। এ সময় যশোরমুখী একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দেওয়া হয়।

বাসটিতে তল্লাশি চালিয়ে ইকরামুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ইকরামুল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং তিনি হাবিবুর গাইনের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।