বিমানে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর

0
১৬ ডিসেম্বর দেশে ফিরতে শেখ হাসিনার ইচ্ছাকে উন্মাদনা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম; পলাতক আসামির পক্ষে বিমান চাওয়ার দাবি গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চাওয়ার ইচ্ছাকে উন্মাদনা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র জানান যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান এবং ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওই দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমিনুল ইসলাম বলেন, এটি একটি হাস্যকর ঘটনা এবং এয়ারক্রাফট চাওয়ার যে দাবি মুখপাত্র করেছেন, তা তাঁর উন্মাদনা ছাড়া কিছু নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল, তাই এ ধরনের দাবি গ্রহণযোগ্য হতে পারে না।

ট্রাইব্যুনালে পলাতক হিসেবে ঘোষণা করে বিচার চলা ব্যক্তিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করা এবং আগরতলা ও পেট্রাপোলের মতো বাংলাদেশ সীমান্তে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে এক সাংবাদিক জানতে চান, এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো ব্যর্থতা আছে কি না।

জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তাঁরা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে কিছু করছেন না এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে অন্য দেশে তাঁদের তৎপরতা দেখা যাচ্ছে। এর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে সন্ত্রাসী দল এবং এর সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ ও খুনি, তা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আসামিদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতারা দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করলে বিচারের মাধ্যমেই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল হয়তো বাধ্য হবে।