ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

0
ছবি: সংগৃহীত।

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা পৌরসভা ও ১১টি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচনের কাজ শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির জন্য ১৫৩ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বুধবার (২৯ জুলাই) ঝিকরগাছা বিএম হাই স্কুলে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটাল মাধ্যমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রার্থীরা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে গুগল ফরমে লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এই নিয়োগের আবেদন গ্রহণ করা হয়। মোট ১,১৪৩ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ১৩টি সুপারভাইজার পদের জন্য ১৫০ জন এবং ১৪০টি তথ্য সংগ্রহকারী পদের জন্য ৯৯৩ জন প্রতিযোগিতা করেন।

ছবি: সংগৃহীত।

নিয়োগ পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাফফাত আরা সাঈদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ওহিদুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ জানান, কোনো যোগ্য ও প্রকৃত সুবিধাভোগী যেন তালিকা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই এই কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগ পাওয়া কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিগগিরই প্রতিটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।