যশোরে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট: মুচলেকায় মুক্তি পেলেন দুই নারী কনটেন্ট ক্রিয়েটার

কনটেন্ট ক্রিয়েটার রেশমা বেগম ওরফে তাসনিম ফুয়াদ এবং ডালিয়া খাতুন তাদের ফেসবুক আইডিতে একটি মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য প্রচার করেন

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে দুই নারী কনটেন্ট ক্রিয়েটারকে পুলিশ হেফাজতে নেওয়ার পর মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কনটেন্ট ক্রিয়েটার রেশমা বেগম ওরফে তাসনিম ফুয়াদ এবং ডালিয়া খাতুন তাদের ফেসবুক আইডিতে একটি মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য প্রচার করেন। পরে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনে বিভ্রান্তি সৃষ্টি হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

যশোরে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে দুই নারী কনটেন্ট ক্রিয়েটার
ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে যশোরে দুই নারী কনটেন্ট ক্রিয়েটারকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় মুক্তি দেয় পুলিশ- লোকসমাজ

গত সোমবার দুপুরে যশোর শহরের পুলিশ লাইন অতিক্রম করে কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই দুই নারী ফেসবুকে পোস্ট করে দাবি করেন, মরদেহটি পুলিশ লাইন থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, এ ধরনের ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রশাসনিকভাবে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
ঘটনার পর মঙ্গলবার সকালে দুই কনটেন্ট ক্রিয়েটারকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন পুলিশ কর্মকর্তারা।
কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, অভিযুক্তরা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, কয়েকদিন আগে ঢাকার একটি অগ্নিকাণ্ডের ভিডিও নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সেটিকে যশোরের ঘটনা বলে প্রচার করা হয়েছিল।
এছাড়া মনিরামপুরের একটি পারিবারিক ঘটনাকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করার অভিযোগও রয়েছে তাসনিম ফুয়াদের বিরুদ্ধে।
ওসি মাসুম খান আরও জানান, ডালিয়া খাতুনের বিরুদ্ধেও আগে বিভিন্ন অভিযোগ ছিল।
পুলিশ জানায়, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তবে একই ধরনের কর্মকাণ্ড আবার ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।