নানা আয়োজনে যশোরে জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে

পুষ্পস্তবক অর্পণ, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও শিক্ষার্থীদের প্রতিযোগিতাসহ ব্যাপক কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে যশোরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই আন্দোলনভিত্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সংবর্ধনা ও আলোচনা সভা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

এছাড়া সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে। একইসঙ্গে সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রগুলো শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেবে।

দিবসটি উপলক্ষে সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, বিকাশ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জার আয়োজন করা হবে।

জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাঈদ সান, মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নুর ইসলাম এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।