বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা; আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের নির্বাচন

0
তিন মাসের প্রতিশ্রুতি রক্ষা করল তামিম ইকবালের অ্যাডহক কমিটি, ঘোষণা হলো বিসিবি ভোটের দিন।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ২০ ও ২১ মে দুই দিন ব্যাপী বিসিবির মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই নির্দিষ্ট দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয় থেকে সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে অভ্যন্তরীণ নানা জটিলতা ও দায়িত্ব গ্রহণের পর থেকেই চরম বিরোধিতার মুখে পড়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। একপর্যায়ে বুলবুলের কমিটি গঠনের পর ৭ জন পরিচালক একযোগে পদত্যাগ করলে বোর্ড স্থবির হয়ে পড়ে। এর জের ধরে গত ৭ এপ্রিল বয়স মাত্র ছয় মাস হওয়ার আগেই নির্বাচিত বুলবুল পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সাথে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়।

অ্যাডহক কমিটি গঠনের সময় এনএসসি স্পষ্ট জানিয়েছিল, আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটিকে। জাতীয় ক্রীড়া পরিষদের বেঁধে দেওয়া সেই নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের পূর্ণাঙ্গ ব্যবস্থা সম্পন্ন করে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি, যার ধারাবাহিকতায় আজ এই নতুন তফশিল ঘোষণা করা হলো।