যশোর শহরতলীর নীলগঞ্জে ফের সোনার বার উদ্ধার

নীলগঞ্জ সেতু এলাকায় বিজিবির অভিযানে ৬৮০ গ্রাম ওজনের সাড়ে চারটি স্বর্ণের বার উদ্ধার

0
যশোরের নীলগঞ্জ সেতু এলাকায় বিজিবির অভিযানে ৬৮০ গ্রাম ওজনের সাড়ে চারটি স্বর্ণের বার উদ্ধার - লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকা থেকে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণের বারসহ সুমন মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

রোববার (২৬ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, নীলগঞ্জ সেতুর ওপর থেকে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৮০ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ এবং একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।

আটক সুমন মন্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকার ইসলামিয়া বাজার গ্রামের প্রাণনাথ মন্ডলের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকায় সংগ্রহ করা স্বর্ণ যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। এছাড়া জব্দকৃত মোবাইল ফোন, ঘড়ি ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, স্বর্ণ চোরাচালান এ অঞ্চলে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।