যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয়

সভাপতি সাবু, সাধারণ সম্পাদক নুর আলম পান্নু; ৫৮০ জনের ভোটগ্রহণ

0
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয়

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচনে ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শনিবার (২৮ নভেম্বর) সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মহাসিন আলী বেসরকারিভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

প্রাথমিক ফলাফলে সভাপতি পদে সৈয়দ এ. এইচ. সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট।

সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. নুর আলম পান্নু ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ১৩৯ এবং মো. ইমদাদুল হক (ইমদাদ) ১১৮ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে কামরুন নাহার কণা ১৪৮, মো. ওজিহুর রহমান ১৩৪ এবং মোছা. রিনা আখতার (মিলি) ৫৭ ভোট পেয়েছেন।

সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন ১৯০ ভোট।

কার্যকরী সংসদ সদস্য পদে শামস ইমরান ৩৯২ এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের এ বিজয়কে আইনজীবীদের মধ্যে সংগঠনটির সাংগঠনিক অবস্থান ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।