আ.লীগ ও ভারত ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

0
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম; পাশে রয়েছেন দলের অন্য নেতারা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। আলোচনা ও মধ্যাহ্নভোজের পর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের ৩৫ মিনিট আলোচনা হয়।

এনসিপির আহ্বায়ক জানান, সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। কী কী হলে এই ঐক্য আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে এক জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটি ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত বলে তাঁরা মত দিয়েছেন। তাঁর ভাষায়, এটি শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে চলবে না; আগামীতে আওয়ামী লীগ ও ভারতের ইস্যু মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ বা পথনকশা প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও সংকট নিয়ে কথা হয়েছে। কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো তুলে ধরেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধিদল।। ছবি: পিএমও

নিজেদের অবস্থান তুলে ধরে নাহিদ বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি; নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেকোনো ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে এবং ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়সহ বিভিন্ন স্থানে হওয়া মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দাখিলের আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথা বলা হয়েছে, যাতে জুলাইয়ের ভুক্তভোগীরা ন্যায়বিচার পান। সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবির জবাবে প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনা করবেন বলে জানান নাহিদ।

ভারত বিষয়ে কড়া বার্তা

নতুন করে গঙ্গার পানিবণ্টন চুক্তি করার বিষয়ে ভারতকে কঠোরভাবে বার্তা দিতে সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনায় সরকার যাতে কোনো আপস না করে, সে কথাও বলা হয়েছে।

পাশাপাশি শহীদ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ আরও বলেন, বাংলাদেশে যা কিছু ঘটছে, তার সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত বলে এখন সুস্পষ্ট এবং বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে মিস-ইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে। তাঁর দাবি, বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ; বৈশ্বিকভাবে তুলে ধরতে হবে যে আওয়ামী লীগের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছেন এবং হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে।

পাশাপাশি দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি ও সংস্কৃতিকর্মীসহ সব সামাজিক শক্তির সঙ্গে বসে আলোচনা করে সরকার যেন তাঁদের ঐক্যবদ্ধ রাখে, সে কথাও এনসিপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে।