গাজী নজরুল কাণ্ডে দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন দেলোয়ার

0

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামী ও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির যুব বিভাগের ওয়ার্ড শাখার এক নেতা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দিবাসীর মোড়ে গ্রামের মানুষের কৌতূহলী দৃষ্টির সামনে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন হরিণাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেনের দাবি, তিনি জামায়াতে ইসলামীর যুব বিভাগের ওয়ার্ড শাখার সেক্রেটারি ও বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি দল থেকে বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগে ক্ষুব্ধ ও হতাশ হয়ে তিনি দল ও রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

দেলোয়ার হোসেন বলেন, ‘আমি কারও অন্যায়ের বোঝা আর বইতে চাই না। তাই প্রতিবাদের প্রতীক হিসেবে দুধ দিয়ে গোসল করে দল ও রাজনীতি ছাড়লাম। বিবেকের কাছে পরিষ্কার থাকাটাই আমার সবচেয়ে বড় পরিচয়।’

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।