ফকল্যান্ডস ব্যানার বিতর্ক: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

0
ফকল্যান্ডস ব্যানার বিতর্ক: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শন করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ : ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জয় উদযাপনের সময় রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা দলকে নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।

সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও বদলি বেঞ্চে থাকা জিওভানি লো সেলসো মাঠে মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং দেশটির সরকার ফিফার কাছে তদন্তের দাবি জানায়

ফিফার একজন মুখপাত্র বৃহস্পতিবার জানান, সংস্থার স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচ রিপোর্ট ও সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করছে। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, স্টেডিয়ামে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ ধরনের লঙ্ঘনের জন্য জরিমানার বিধান রয়েছে।

আর্জেন্টিনা আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে স্পেনের বিপক্ষে শিরোপা রক্ষার লড়াইয়ে নামবে।

যুক্তরাজ্যের কড়া প্রতিক্রিয়া

ব্রিটিশ ব্যবসা বিষয়ক মন্ত্রী পিটার কাইল ঘটনাটিকে ফিফা নীতিমালার ‘গুরুতর লঙ্ঘন’ আখ্যা দিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, “বিশ্বকাপ আমাদের নাও হতে পারে, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের। দ্বীপবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারই এখানে মুখ্য।”

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) নিয়ে দুই দেশের বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে আর্জেন্টিনা দ্বীপপুঞ্জটি দখল করলে যুক্তরাজ্য সামরিক অভিযান চালিয়ে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ওই যুদ্ধে ৬৪৯ আর্জেন্টাইন ও ২৫৫ ব্রিটিশ সেনা নিহত হন।

আর্জেন্টিনার অবস্থান

লিসান্দ্রো মার্টিনেজ বলেন, “আমরা আর্জেন্টিনার জনগণকে হতাশ করতে পারতাম না।”

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই খেলোয়াড়দের কর্মকাণ্ডকে “সম্পূর্ণ বৈধ” বলে মন্তব্য করেছেন। তবে তিনি মনে করেন, ফিফা সম্ভবত এ ঘটনায় আর্জেন্টিনাকে জরিমানা করতে পারে।

মিলেই বলেন, “খেলোয়াড়রা আবেগের বশে এমনটা করেছে। এতে জরিমানা হতে পারে, তবে এটি সব আর্জেন্টাইন নাগরিকের অনুভূতিরই প্রতিফলন।”

আগেও শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা

এ ধরনের ঘটনা এই প্রথম নয়। ২০১৪ বিশ্বকাপের আগে একই স্লোগান প্রদর্শনের দায়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ৩০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা।

এর আগে দক্ষিণ কোরিয়ার ফুটবলার পার্ক জং-উ ২০১২ লন্ডন অলিম্পিকে জাপানের সঙ্গে ভূখণ্ডগত বিরোধসংক্রান্ত ব্যানার প্রদর্শনের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। ২০২২ বিশ্বকাপে কসোভো ইস্যুতে রাজনৈতিক ব্যানার টাঙানোর কারণে সার্বিয়া ফুটবল ফেডারেশনকেও জরিমানা করা হয়েছিল।

ফিফার তদন্ত শেষে আর্জেন্টিনা দল বা দেশটির ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখন দেখার বিষয়।