ফরিদপুরে সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও পাঠানোর অভিযোগে মা আটক

প্রবাসী স্বামীর প্রতি অভিমান

0
ফরিদপুরে সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও পাঠানোর অভিযোগে মা আটক

লোকসমাজ ডেস্ক : মালদ্বীপপ্রবাসী স্বামীর প্রতি অভিমান থেকে নিজ সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে সেই দৃশ্য ভিডিও করে স্বামীর কাছে পাঠানোর অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে বিথী আক্তার (২৮) নামে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) নিরাপত্তার স্বার্থে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

নগরকান্দা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক নারী তার শিশু সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন বলে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ে অনুসন্ধান শুরু করে।

তদন্ত চলাকালে শিশুটির ফুফু থানায় যোগাযোগ করে বিস্তারিত তথ্য দেন। পরে ওই তথ্যের ভিত্তিতে পুলিশ রাধানগর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী আক্তার জানিয়েছেন, তার স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন এবং দীর্ঘদিন দেশে ফেরেননি। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তিনি সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা করে ভিডিও ধারণ করেন এবং তা স্বামীর কাছে পাঠান বলে জানিয়েছেন।

ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি উদঘাটনে পুলিশ কাজ করছে। উদ্ধার হওয়া দুই শিশুকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।