কক্ষটি পোস্ট–অপারেটিভ হিসেবে ব্যবহার উচিত হয়নি, বললেন স্বাস্থ্যের এডিজি

0
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের সেই কক্ষ, যেখানে ভেন্টিলেশন সংকটের কথা উল্লেখ করেছেন স্বাস্থ্যের এডিজি।। ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট-অপারেটিভ কক্ষটিকে ‘সাফোকেটিভ বা বদ্ধ’ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কক্ষটিকে পোস্ট-অপারেটিভ হিসেবে ব্যবহার করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান।

শুক্রবার প্রথম আলোকে তিনি বলেন, ‘যেখানে বাচ্চাগুলো মারা গেছে, সেখানে আমরা কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাই দেখিনি। সেখানে এসি চলে। এসিগুলো হঠাৎ বন্ধ হয়ে গেলেও এটা খুব সাফোকেটিভ জায়গা। প্রাথমিকভাবে বলা যায়, ওটা পোস্ট-অপারেটিভ হিসেবে ব্যবহার হওয়া উচিত হয়নি।’

‘হঠাৎ ছয়টি বাচ্চা কেন মারা গেল’

গত বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। অধ্যাপক জাহিদ রায়হান বলেন, ওই পোস্ট-অপারেটিভ বছরের পর বছর ধরে চলছে, কোনো দুর্ঘটনা হয়নি। কিন্তু হঠাৎ ছয়টি শিশু মারা যাওয়া অস্বাভাবিক। তিনি বলেন, ‘কারণটা খুঁজে বের করা অত্যন্ত জরুরি। আমি যদি আমার পদের জায়গা থেকে কোনো কিছু সুনির্দিষ্ট করে দিই, তাহলেও তদন্তটা ব্যাহত হতে পারে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকও আগেই পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনায় গাফিলতির কথা বলেছেন বলে জানান এডিজি।

তদন্ত কমিটি গঠন, মামলা দায়ের

ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামীকাল শনিবার প্রতিবেদন দেওয়া হবে বলে জানান অধ্যাপক জাহিদ রায়হান। তিনি বলেন, তদন্তটি হবে ‘একদম নির্মোহ’।

এদিকে গত বুধবার রাতেই রমনা থানায় অভিযোগ করেন নবজাতক হাবিবুর রহমানের বাবা। বৃহস্পতিবার তা মামলা হিসেবে লিপিবদ্ধ হয়। মামলায় চিকিৎসা অবহেলায় নবজাতকদের মৃত্যুর অভিযোগ এনে আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।