লেবাননে ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় মাত্র দুই মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণের আগেই প্রাণ হারাতে হলো বিদেশের মাটিতে। ভিডিও সংবাদ।

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতম। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২৬)।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় মাত্র দুই মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণের আগেই প্রাণ হারাতে হলো বিদেশের মাটিতে।

জানা গেছে, সোমবার (১১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় ওই দুই বাংলাদেশিসহ এক সিরীয় নাগরিক নিহত হন। স্থানীয় সংবাদদাতারা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। দূতাবাস এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বর্তমানে মরদেহ নাবাতিয়ার নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার কার্যক্রম শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিনজন বাড়ির ভেতরে অথবা আশপাশে কাজ করছিলেন।

নিহত দুই প্রবাসীর বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। পরিবার ও প্রতিবেশীরা বলছেন, গত রমজানে অনেক স্বপ্ন নিয়ে লেবাননে গিয়েছিলেন তারা। পরিবারের সুদিন ফেরানোর সংগ্রাম শুরু হওয়ার আগেই তাদের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে মরদেহ দ্রুত দেশে পাঠাতে দূতাবাস প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।