চিড়িয়াখানার পথে অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হবে। একই সঙ্গে মহিষটির মালিক ফরিদুজ্জামান স্বরনকে ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হবে

0

লোকসমাজ ডেস্ক : বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে।

বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া। তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানা থেকে মহিষটিকে সরাসরি জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হবে। একই সঙ্গে মহিষটির মালিক ফরিদুজ্জামান স্বরনকে ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

থানা সূত্রে জানা গেছে, ‘ডোনাল্ড ট্রাম্প’কে একনজর দেখতে থানায় ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ। মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জ মডেল থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দেন ওসি রুহুল কুদ্দুছ।

জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ব্যবসায়ী ফরিদুজ্জামান স্বরন ঈদুল ফিতরের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে আনেন। মহিষটি দীর্ঘদিন ওই খামারেই লালন-পালন করা হচ্ছিল। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

এর আগে মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কার কথা উল্লেখ করেন। পরে বেলা ৩টার দিকে পুলিশ জিনজিরার রসুলপুর এলাকা থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।