অভয়নগরে সাবেক হুইপ ও এমপিসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব ও সাবেক এমপি এনামুল হক বাবুলসহ ১৬৪ জনকে আসামি করে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে বুইকরা গ্রামের লুৎফর রহমানের ছেলে জোবায়ের হোসেন মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব,সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান,সাবেক পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, শ্রমিকলীগ নেতা রবিন অধিকারী ব্যাচাসহ ১৬৪ জন।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে বেআইনি জনতাবদ্ধ হয়ে অগ্নিসংযোগ করে পথরোধ, হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটানো ও তাতে সহায়তা করা ও ভাঙচুর করে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। তবে কী ভাঙচুর করা হয়েছে তা মামলার এজাহারে উল্লেখ করা হয়নি।
এরআগে সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবের নামে চাঁদাবাজির একটি মামলা দায়ের করা হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাদুল করিম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন