ব্রাজিল সমর্থকদের র‌্যালিতে মোটরসাইকেল মালিক ৪ জনকে ৮৫ হাজার টাকা জরিমানা

0
ব্রাজিল সমর্থকদের র‌্যালি, ৪ জনের ৮৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ এলাকায় ব্রাজিল সমর্থকদের র‌্যালির আগে ট্রাফিক পুলিশের অভিযানে জব্দ করা মোটরসাইকেল।

রিফাত রহমান, চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত র‌্যালিতে অংশ নিতে গিয়ে চার সমর্থককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র‌্যালি বের হওয়ার সময় ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল জব্দ করে।

চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে চার মোটরসাইকেল চালকের বিরুদ্ধে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।