চুয়াডাঙ্গায় বিজিবির উদ্যোগে ৩ কোটি টাকার বেশি মাদক ধ্বংস

0
চুয়াডাঙ্গায় বিজিবির উদ্যোগে ৩ কোটি টাকার বেশি মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হচ্ছে

চুয়াডাঙ্গা সংবাদদাতা, লোকসমাজ ডেস্ক : চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান সামগ্রী বুধবার (৬ মে) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিএম, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান। তিনি জানান, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।

চুয়াডাঙ্গায় বিজিবির উদ্যোগে ৩ কোটি টাকার বেশি মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হচ্ছে

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ২৩৮ দশমিক ৭৯ কেজি গাঁজা, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ২৫ হাজার ৪৮৫টি ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট, ১৯টি ইনজেকশনসহ ভারতীয় বিয়ার ও কোকেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও ধ্বংস কার্যক্রম অব্যাহত থাকবে।