মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের সখ্যতা প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : ডিআইজি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সাথে সখ্য থাকার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশের প্রতিটি ইউনিটে খোঁজ নেওয়া হবে। কোনো পুলিশ সদস্য মাদকাসক্ত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাদকাসক্ত হওয়ার কারণে তিনি আর পুলিশে চাকরি করার যোগ্যতা রাখেন না। সেই বিষয়টিও দেখা হবে।

বুধবার বিকেলে যশোরের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ডিআিইজি এই হুঁশিয়ারি দেন।

মাদক কারবারি বা বহনকারী নয়, নেপথ্যে থাকা মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে মতবিনিময় সভায় জানিয়েছেন ডিআইজি মোস্তাফিজুর রহমান। এ সম্পর্কে তিনি আরো বলেন, শুধু ক্যারিয়ারদের ধরলে হবে না। যারা এই ব্যবসার মূল হোতা বা গডফাদার তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে তাদের সম্পদ ও আয়ের উৎস তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

কিশোর অপরাধী দমনে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া সম্পর্কে ডিআইজি সভায় জানান, খুলনা বিভাগের প্রতিটি জেলার পুলিশ সুপারকে কিশোর অপরাধী দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কিশোর অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোর অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা।

অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পর্কে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রযুক্তি বিশেষজ্ঞ পুলিশ সদ্যস্যদের নিয়ে বিশেষ টিম গঠন করা হবে। এই টিম সার্বক্ষণিক অনলাইন প্ল্যাাটফর্ম পর্যবেক্ষণসহ জুয়া খেলা বা পরিচালনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ধর্ষণ ও নারী নির্যাতন প্রসঙ্গে ডিআইজি বলেন, কোনো নারী ধর্ষণের শিকার হলে ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলের কেউ জড়িত থাকেন তাকেও ছাড় দেওয়া হবেনা।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ফ্যাসিস্টরা যেনো কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে সজাগ রয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাংবাদিক মীর মঈন হোসেন মুসা, কাজী আশরাফুল আজাদ, সাকিরুল কবির রিটন, দেওয়ান মোর্শেদ আলম, আব্দুল কাদের, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

এর আগে খুলনা রেঞ্জের ডিআইজি যশোর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি কার্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চলতি অর্থবছরে যশোর জেলা পুলিশ ৩ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।