চুয়াডাঙ্গায় দুই হাজার ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

এক দেশ, এক স্বপ্ন—বিশ্বকাপ আবার আর্জেন্টিনার’ এবং ‘হৃদয়ে আর্জেন্টিনা, লক্ষ্য বিশ্বকাপ’—এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা

0

লোকসমাজ ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা এবং আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর উদ্যোগে টাউন ফুটবল মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। প্রায় দুই হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে আয়োজিত এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।

‘এক দেশ, এক স্বপ্ন—বিশ্বকাপ আবার আর্জেন্টিনার’ এবং ‘হৃদয়ে আর্জেন্টিনা, লক্ষ্য বিশ্বকাপ’—এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেন শত শত সমর্থক। অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে সজ্জিত হয়ে ব্যানার, ফেস্টুন, ব্যান্ড পার্টি ও ডিজে সাউন্ডের মাধ্যমে পুরো শহরকে উৎসবমুখর করে তোলেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণ ও সাধারণ ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা শহরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, চুয়াডাঙ্গার সর্বস্তরের আর্জেন্টিনা সমর্থকদের একত্রিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বিশ্বকাপেও ধারাবাহিক সাফল্য ধরে রেখে আবারও শিরোপা ঘরে তুলবে।

শোভাযাত্রায় স্থানীয় সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।