চট্টগ্রাম বহিনোঙ্গরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, ২২ ক্রুকে উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : চট্টগ্রাম বহিনোঙ্গরে অবস্থানরত তেলবাহী বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা ট্রেডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট কাজ করে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম বহিনোঙ্গর এলাকায় অবস্থানরত তেলবাহী জাহাজটিতে আগুন লাগে।

খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ড-এর জাহাজ ‘শ্যামল বাংলা’, কোস্ট গার্ড টাগ ‘প্রমত্ত’সহ একাধিক অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে থাকা মোট ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে তাদের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।