ঝিকরগাছায় বিআরডিবির আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

0
ঝিকরগাছা উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে বিআরডিবির প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান।। ছবি: লোকসমাজ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥  ঝিকরগাছায় বিআরডিবির প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপজেলা মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত ২০২৬-২৭ অর্থবছরের সুফলভোগী সদস্যদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী এই আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা ও প্রশিক্ষণই আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান হাতিয়ার। বিআরডিবির এ ধরনের প্রশিক্ষণ নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ড সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেছেন, যা ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি যশোরের উপপরিচালক বি. এম. কামরুজ্জামান এবং ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিআরডিবির উপপ্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, ঝিকরগাছা উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা সালাহউদ্দিন আল মামুন, উপজেলা প্রশাসন ও বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণার্থী, সুফলভোগী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিআরডিবি যশোরের উপপরিচালক বিএম কামরুজ্জামান জানিয়েছেন, মহিলা উন্নয়ন অনুবিভাগ প্রকল্পের আওতায় গরু মোটাতাজাকরণ কোর্সে ৩০ জন এবং দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দুগ্ধবতী গাভী পালন কোর্সে আরও ৩০ জনসহ মোট ৬০ জন সুফলভোগী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিআরডিবি পরিচালিত কিশোরী সংঘের ৫ জন ও বাঁকড়া-হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১০০ জন শিক্ষার্থীর মাঝে ৪৯ হাজার ৯০৪ টাকার চেক বিতরণ করা হয়।