ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, এক পরিবারের ৫ জনসহ নিহত ৬

0

লোকসমাজ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ পাঁচজন নিহত হন এবং এক শিশুসহ আরও দুইজন আহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আহত এক শিশুর মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে চালকসহ পাঁচজন নিহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে