ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় ঝিকরগাছার এক পরিবারের ৫ জন নিহত

মালয়েশিয়া প্রবাসী স্বজনকে ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে আসার পথে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হল পরিবারটি

0
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি

শিকদার খালিদ, লোকসমাজ: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু। মালয়েশিয়া প্রবাসী স্বজনকে ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে আসার পথে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হল পরিবারটি। নিহত হয়েছেন ওই প্রবাসীও।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই একটি ট্রাকের পেছনে যশোরগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়।

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত এক জনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক কর্মী- লোকসমাজ

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহিদুল ইসলামের ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮) এবং অজ্ঞাতপরিচয় প্রাইভেটকার চালক (২৫)।

আহত দুই শিশু হলো আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার- লোকসমাজ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। মালিগ্রাম এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে গিয়ে গাড়িটি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গাড়ির ভেতরে আটকা পড়েন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনের অংশে ঢুকে যায় প্রাইভেট কার- লোকসমাজ

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আবু জাফর বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাইভেটকারের চালক ট্রাকের পেছনে গাড়িসহ আটকা পড়েছিলেন। পরে গাড়ির সামনের অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।”

দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।