চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে একজনকে আটক করেছেন ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) সদস্যরা। রোববার ভোর সোয়া ৪টার দিকে তাকে আটক করা হয়।

আটক তাহের (৫৫) আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর পূর্বপাড়ার মরহুম সোহরাব উদ্দীনের ছেলে।

চুয়াডাঙ্গা পুলিশের মিডিয়া সেল এক বার্তায় জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ডিটেক্টিভ ব্রাঞ্চ মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই ফজলুল করিমসহ একদল সদস্য তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

আটক তাহেরের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।