ফার্মেসী কাউন্সিলের কোর্স থেকে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে যশোরে মানববন্ধন

0
ফার্মেসী কাউন্সিলের সি ক্যাটাগরি রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল পরিচালিত সি ক্যাটাগরি ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি যশোর জেলা শাখার আয়োজনে শহরের বি সি ডি সি মেডিসিন মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে দেশব্যাপী ফার্মেসী কাউন্সিলকে সার্বিক সহযোগিতা করে আসছে বিসিডিএস। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু কুচক্রী মহল এই ফার্মেসী রেজিস্ট্রেশন কোর্সের বিষয় নিয়ে ষড়যন্ত্র চালিয়ে আসছে।

বক্তারা ফার্মেসী রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এ সময় তারা আরও বলেন, ফার্মেসী ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যবসায়ীদের সংগঠনকে বাদ দিয়ে কোনো পক্ষপাতমূলক একপেশে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না এবং কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র ও কালো টাকার কাছে ফার্মাসিস্টদের ভাগ্য জিম্মি হতে দেওয়া হবে না।

ঔষধ খাতের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে ফার্মেসী রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএস-এর দীর্ঘদিনের অবদানকে অস্বীকার না করে তাত্ত্বিক জ্ঞানের সাথে অভিজ্ঞতার সমন্বয়ে সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে এই সমিতির সম্পৃক্ততা বজায় রাখার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি যশোর জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন বিলু, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোসাব্বির শান্তি, সিরাজুল ইসলাম প্রমুখ।