অনলাইন ক্যাসিনোয় ৫০ লাখ টাকা হারিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

অনলাইন জুয়ার বিস্তার তরুণ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : মোবাইল ফোনভিত্তিক অনলাইন ক্যাসিনো জুয়ার আসক্তিতে বিপুল অর্থ হারিয়ে ঋণের চাপে আত্মহত্যা করেছেন যশোরের বাঘারপাড়া উপজেলার এক ব্যবসায়ী। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত কাজী আব্দুল কাদের বুখারী (৩৭) বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত কাজী আব্দুল হকের ছেলে। তিনি খাজুরা বাজারে “বুখারী মোবাইল হাউজ” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসার পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে পড়েন আব্দুল কাদের বুখারী। ধীরে ধীরে তিনি বিভিন্ন ব্যক্তি ও উৎস থেকে ঋণ নিয়ে জুয়ায় অর্থ বিনিয়োগ করতে থাকেন। একপর্যায়ে প্রায় ৫০ লাখ টাকারও বেশি অর্থ হারান বলে পরিবারের দাবি।

মৃতের চাচা আইনজীবী কাজী কামরুল জানান, ঋণের চাপ সামাল দিতে তিনি নিজের জমি বিক্রি করে প্রায় ৩৫ লাখ টাকা পরিশোধ করেন। এরপরও ১৫ লাখ টাকার বেশি দেনা বাকি ছিল। সম্প্রতি পাওনাদারদের চাপ ও হুমকির কারণে তিনি চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি বাগানে গিয়ে তিনি ঘাস মারার বিষাক্ত কীটনাশক পান করেন। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

কাজী কামরুল বলেন, “সে দীর্ঘদিন ধরে মোবাইলে অনলাইন ক্যাসিনো খেলত। আমরা বারবার নিষেধ করেছি, কিন্তু সে শোনেনি। শেষ পর্যন্ত এই আসক্তিই তার জীবন কেড়ে নিল। তার স্ত্রী ও শিশু সন্তান এখন অসহায় অবস্থায় রয়েছে।”

স্থানীয়দের মতে, অনলাইন জুয়ার বিস্তার তরুণ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে। এ ধরনের আসক্তি অনেক পরিবারকে আর্থিক ও সামাজিক সংকটে ফেলছে।