লতায় লতায় ঝুলছে আনার কলি, পাতিবিলায় তৌফিকুরের বাগান দেখতে ছুটছেন মানুষ

0
যশোরের চৌগাছার পাতিবিলায় নিজের বাগানে মাচায় ঝুলে থাকা আনার কলি ফলের গাছের পরিচর্যা করছেন ফলচাষি তৌফিকুর রহমান।। ছবি: লোকসমাজ

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় এবার চাষ হচ্ছে ল্যাটিন আমেরিকার বিখ্যাত ফল আনার কলি (প্যাশন ফল)। পুষ্টিগুনে ভরা এই ফলের চাষ করেছেন চৌগাছার ফলচাষি তৌফিকুর রহমান এবং তিনি সফলতাও পেয়েছেন। প্রথম বছরেই সে প্রত্যাশার চেয়েও বেশি টাকার ফল বিক্রির আশা করছেন।

উপজেলার পাতিবিলা গ্রামের ফলচাষি তৌফিকুর রহমান। একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন কিন্তু সেখানে মনস্থির করতে পারেনি। তাই ফিরে এসেছেন নিজ এলাকাতে এবং নিজের জায়গা জমিতে নানা ধরনের ফল চাষে নিজেকে যুক্ত করেছেন। তেমনি একটি ফল হচ্ছে আনার কলি। ল্যাটিন আমেরিকার ফল আনার কলির চাষে তিনি ব্যাপক সাফল্য পাবেন বলে আশা করছেন।

সরেজমিনে দেখা গেছে, দশ কাটা জমিতে আনার কলি ফলের চাষ করেছে এবং প্রতিটি গাছের ডগায় ডগায় ধরেছে আনার কলি। গাড় সবুজ রঙের এই ফলটি দেখতে অনেকটাই কদবেলের মত। ইতোমধ্যে তিনি ফল বিক্রি শুরু করেছেন।

অনলাইনে তার নিকট হতে ৩৫০ টাকা কেজি দরে ফলটি কিনে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মানুষ। ভর দুপুরে একজন সহকারীকে নিয়ে জমিতে কাজ করছেন তৌফিকুর রহমান। এ সময় কথা হয় সফল ফল চাষির সাথে।

তিনি বলেন, পরীক্ষা মুলক ভাবে একটি মাচাতে আনার কলির চাষ করেন এবং দেখতে পান ফলটি এ অঞ্চলের আবহাওয়া ও মাটির সাথে মানানসই। সে কারনে এক বছরের মাথায় দশ কাটা জমিতে ফলের গাছ রোপন করেন। মুলত আনার কলি ফলটি হচ্ছে লতাযুক্ত গাছ। মাটিতে গাছের অংশ বিশেষ লাগানোর পর চারা বের হয়ে তা সিম বা বরবটির মত লতা ছাড়তে শুরু করে। এ সময় ওই লতা মাচায় উঠানোর ব্যবস্থা করে দিতে হবে। আমার দশ কাটা জমিতে যে পরিমান আনার কলি ফল ধরেছে মাশাল্লাহ আমি খুশি। ইতোমধ্যে ফল বিক্রি শুরু হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে যশোর, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাতে আনার কলির চাষ হচ্ছে, অনেকেই বেশ আগে ভাগেই চাষাবাদ শুরু করায় তারা এখন অনেক লাভবান। এই ফলটি মুলত চট্টগ্রাম জেলায় বেশি জনপ্রিয়।

ইউপি সদস্য খাইরুল ইসলাম বলেন, তৌফিকুর রহমান একজন সৌখিন ফল চাষি। সে ইতোমধ্যে নানা ধরনের ফলের চাষ করে এলাকায় বেশ পরিচিতি লাভ করেছে। তার ফল চাষ দেখতে বিভিন্ন এলাকা হতে মানুষ পাতিবিলায় ছুটে আসে। এবার সে নতুন যে ফল আনার কলির চাষ করেছে তা ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছে।

যশোরের চৌগাছায় মাচার লতায় ঝুলে আছে গাঢ় সবুজ রঙের আনার কলি ফল।। ছবি: লোকসমাজ

পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল জানান, আমার ইউনিয়নে অনেকেই ফল চাষ করে আজ স্বাবলম্বি। তাদেরই একজন হচ্ছে তৌফিকুর রহমান। সে হরেক রকমের ফলের চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন, তাকে অনুসারণ করে নিজ এলাকা তো বটেই বিভিন্ন এলাকার কৃষক ও বেকার যুবকরা ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

আনার কালি ফল পুষ্টিগুনে সমৃদ্ধ। বিশেষজ্ঞদের মতে এই ফলে প্রচুর পরিমানে ভিটামিন এ, ই এবং বি আছে। ভিটামিন সি ও এন্ট্রিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ বাড়াতে এবং অক্সিডেটি স্ট্রেস কমাতে সাহায্য করে।

উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন বলেন, আনার কলি (প্যাশন ফল) আমাদের চৌগাছা এলাকাতে খুবই কম চাষ হচ্ছে, তবে পাশ্ববর্তী জেলা গুলোতে কৃষক বানিজ্যিক ভাবে চাষ শুরু করেছেন। এটি একটি লতানো জাতের সবজি, বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। যে কয়েকজন আনার কলির চাষ করেছেন তাদের মধ্যে তৌফিকুর রহমান একজন। আমি তার জমিতে গেছি এবং দেখেছি প্রতিটি গাছে প্রচুর পরিমানে ফল এসেছে, নিঃসন্দেহে এটি একটি লাভজনক চাষ। তিনি নানা ধরেনর ফলের চাষ করেছেন আমরা কৃষি অফিস থেকে তাকে সর্বদা পরামর্শ প্রদান করি, যাতে ফল চাষি কোন ভাবেই যেন ক্ষতির সম্মুখিন না হয়।