২৯ বছর পর মামলার তদন্তের স্বার্থে ময়নাতদন্তের নির্দেশ, কবর থেকে তোলা হবে সালমান শাহর মরদেহ

0
সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ জানতে নতুন করে ময়নাতদন্তের আদেশ ঢাকার আদালতের ।। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আজ বুধবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ মে সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আদালতে আবেদন করেন। আবেদনে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, নতুনভাবে ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে সালমান শাহর মা নীলা চৌধুরী, বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী ও ছোট ভাই শাহরান শাহ নিউ ইস্কাটনের তার বাসায় যান। স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী আবুল তাদের জানান সালমান ঘুমিয়ে আছেন। তারা ফিরে যান। বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে ফোন আসে, অবস্থার অবনতি হয়েছে। গিয়ে দেখা যায় সালমান শয়নকক্ষে অচেতন। হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। ওই দিনই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছিল।

মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করা প্রয়োজন।