পরকীয়া প্রেমের জেরে যুবক হত্যা, এক মাস পর গৃহবধূর বাড়ির গোয়ালঘর থেকে মরদেহ উদ্ধার

নিখোঁজের এক মাস পাঁচ দিন পর অভিযুক্ত গৃহবধূর বাড়ির গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

0
sharsha-bosatpur-yubok-hatya-porkiya

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা, লোকসমাজ : যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে ইক্রামুল কবির (২৫) নামে এক যুবককে হত্যার পর মরদেহ গুম করার রোমহর্ষক ঘটনা উদঘাটিত হয়েছে। নিখোঁজের এক মাস পাঁচ দিন পর অভিযুক্ত গৃহবধূর বাড়ির গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইক্রামুল কবির পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বসতপুর পূর্বপাড়া এলাকার আরশাদের ছেলে আলফুরাদের স্ত্রী মুন্নীর (২২) সঙ্গে ইক্রামুলের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। প্রায় এক মাস পাঁচ দিন আগে পাওনা টাকা আনতে মুন্নীর বাড়িতে গেলে ইক্রামুল নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

দীর্ঘদিন নিখোঁজ থাকার ঘটনায় সন্দেহ সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত স্বামী আলফুরাদকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বসতপুর গ্রামে অভিযান চালায়।

পরে গোয়ালঘরের মেঝে খনন করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ইক্রামুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামী আলফুরাদ ও স্ত্রী মুন্নী বেগমকে আটক করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পরকীয়া সম্পর্ক ও পাওনা টাকার বিরোধের জেরে তাকে শ্বাসরোধে বা অন্য কোনোভাবে হত্যা করে লাশ গুম করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।