চুয়াডাঙ্গায় ডিজিটাল জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিব ও উদ্যোক্তা গ্রেফতার

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় জন্মসনদ ও গুরুত্বপূর্ণ সরকারি নথি জালিয়াতির অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান মাহমুদ এবং উদ্যোক্তা আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদেরকে দর্শনা থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা রুজু করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, কিছুদিন আগে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান মাহমুদ ও উদ্যোক্তা আরিফুল ইসলাম যোগসাজশে কুমিল্লা ও মৌলভীবাজার জেলার কিছু ব্যক্তির নামে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ভুয়া জন্মসনদ প্রদান করে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করছিলেন।

এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। যাচাই-বাছাই ও প্রমাণ সংগ্রহ শেষে বিষয়টি নিশ্চিত করা হয়।

পরে শুক্রবার (৮ মে) তাদের উপজেলা কার্যালয়ে তলব করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তারা অনিয়ম ও জালিয়াতির বিষয়টি স্বীকার করেন বলে প্রশাসন জানায়।

এ ঘটনায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়। এরপর তাদেরকে দর্শনা থানা-এর অফিসার ইনচার্জ হিমেল রানার কাছে হস্তান্তর করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।