ইবিতে সিট সংকটের প্রতিবাদে প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান

নিয়ম অনুযায়ী আবেদন ও ভাইভা শেষে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ পেলেও বাস্তবে তারা কক্ষে উঠতে পারছেন না

0
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে সিট সংকটের প্রতিবাদে প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে অবস্থান করছেন দুই শিক্ষার্থী

ইবি সংবাদদাতা, লোকসমাজ :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে কক্ষ বরাদ্দ পেয়েও সিটে উঠতে না পারার প্রতিবাদে হল প্রশাসনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিন শিক্ষার্থী।
শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তারা হলটির প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে সেখানে বিছানা পেতে অবস্থান নেন।
অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হলেন- আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আবু বকর, ২০২২–২৩ শিক্ষাবর্ষের মোবারক উল্লাহ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের তানভীর আরিফ। তারা যথাক্রমে ৩২৫, ২১৫ ও ৩২৭ নম্বর কক্ষ বরাদ্দ পেয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী আবেদন ও ভাইভা শেষে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ পেলেও বাস্তবে তারা কক্ষে উঠতে পারছেন না। বরাদ্দকৃত কক্ষগুলোতে আগেই অন্য শিক্ষার্থীরা অবস্থান করছেন। কোথাও আবার ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী রাখা হয়েছে।
তাদের দাবি, কিছু কক্ষ খালি থাকলেও সেখানে সিট বরাদ্দ দেওয়া হয়নি। একইসঙ্গে হল প্রভোস্ট নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না বলেও অভিযোগ ওঠে।
অবস্থান নেওয়া শিক্ষার্থী আবু বকর বলেন, “আমাকে ৩২৫ নম্বর রুমে সিট বরাদ্দ দেওয়া হলেও সেখানে আগেই অতিরিক্ত শিক্ষার্থী রয়েছে। ফলে আমি কক্ষে উঠতে পারছি না। হলে সিট পাওয়ার পর গত মাসে মেস ছেড়ে দিয়েছি, এখন থাকার জায়গা নেই।”
তানভীর আরিফ বলেন, “দুই সিটের রুমে তিনজন আগে থেকেই থাকছেন, অথচ আমাদের সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। বারবার অভিযোগ করেও কোনো কার্যকর সমাধান পাইনি।”

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “স্টাফদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তথ্যে গড়মিল থাকায় সমস্যা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সহযোগিতা পাওয়া যায়নি। বর্তমানে আমি ক্যাম্পাসের বাইরে আছি।”