চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস দুর্ঘটনায় ঝিনাইদহের দুই যুবক নিহত

জিহাদ ও নাঈমসহ মোট ৮ জন বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন

0

ঝিনাইদহ সংবাদদাতা : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহের দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের চাঁদ আলী বকসের ছেলে নাইমুর রহমান জিহাদ (২১) এবং একই উপজেলার পোতাহাটী গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে নাঈম (২২)।

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, জিহাদ ও নাঈমসহ মোট ৮ জন বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। পথে তাদের বহনকারী বাসটি শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনসের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে তাদের আরও চারজন বন্ধু গুরুতর আহত হয়েছেন বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, পোতাহাটী গ্রামের গিয়াস উদ্দীন সেতু বলেন, নাঈম ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল একজন যুবক। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তিনি তার পিতার একমাত্র সন্তান ছিলেন।

অন্যদিকে বাজারগোপালপুর গ্রামের মহিদুল ইসলাম জানান, নাইমুর রহমান জিহাদ বিজিবিতে কর্মরত ছিলেন। চাকরির বয়স বেশি না হলেও প্রশিক্ষণকালীন কিছু সমস্যার কারণে তিনি চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দুই যুবকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনো পুলিশের ঊর্ধ্বতন দপ্তর বা চট্টগ্রাম পুলিশ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।