ঈদুল আজহা উপলক্ষে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন মালিক সমিতির

0
ঈদের আগে সময়সীমা বৃদ্ধির অনুরোধ: রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় মালিক সমিতি ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের মার্কেট ও বিপণি বিতানগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গত ১০ মে থেকে এই বর্ধিত সময়সীমা কার্যকরের অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এই আবেদন পাঠানো হয়েছে।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যবসায়ীরা বর্তমানে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখছেন। তবে দীর্ঘদিন এই নিয়ম চলায় ব্যবসায়িক মন্দা প্রকট হয়েছে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে বেচাকেনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় ব্যবসায়ীরা চরম আর্থিক চাপের মুখে রয়েছেন।

মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের বর্তমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই অবস্থায় আসন্ন ঈদের বাজার ধরার লক্ষ্যে ব্যবসায়ীদের সুযোগ দেওয়া প্রয়োজন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, ঈদুল আজহা পরবর্তী ৭ দিন তারা মার্কেট ও বিপণি বিতান পুরোপুরি বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখবেন। একইসঙ্গে বরিশালসহ বিভিন্ন জেলায় চলমান ‘অপরিকল্পিত’ বাণিজ্য মেলাগুলো বন্ধের দাবি জানানো হয়েছে, কারণ এসব মেলায় নিম্নমানের পণ্য বিক্রির ফলে স্থায়ী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।