দেশে পৌঁছাল লিমনের মরদেহ, দাফন হবে পারিবারিক কবরস্থানে

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ও দাফন সোমবার (৪ মে) মাগরিবের পর তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লিমনের চাচা সুজন আহমেদ।

তিনি জানান, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ বিমানবন্দরে আসে। মরদেহ গ্রহণের জন্য তার বাবা-মা ও স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। পরে মরদেহ প্রথমে গাজীপুরের মাওনায় তাদের বাসায় নেওয়া হবে, যেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের বাড়িতে জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।