ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৮ নির্মাণশ্রমিকের

0
দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ নির্মাণশ্রমিক।। ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে বেশ কিছু নির্মাণশ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পিকআপটি দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার সুরুজ আলী (৬০) ও ফরিদুল (৩৫), দিরাইয়ের মুন্নি (৩৫) এবং সিলেটের জালালাবাদ থানার বদরুল (৩০)। বাকি ৪ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনায় আহত অন্তত ৭ জন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালক পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।