টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট দল।। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রবিবার সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল ম্যাচ থাকায় প্রথম বহরে স্কোয়াডের সব সদস্য আসেননি। ফাইনাল শেষে বাকি খেলোয়াড়রা পরবর্তী বহরে দলের সঙ্গে যোগ দেবেন।

এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, এবারের বাংলাদেশ সফরের স্কোয়াডে চারজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বড় চমক হিসেবে দলের ডাগআউটে দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে, যিনি কোচ হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ৮ মে, যা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৬ মে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উল্লেখ্য, এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) চক্রের অংশ।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।